সফল হতে চাইলে আত্মপ্রত্যয়ী হতে হবে: শহিদুল ইসলাম বাবুল
অনলাইন ডেস্ক: “এক একটি বিদ্যালয় এক একটি এলাকায় আলো ছড়ায়, বিদ্যালয় হলো আলোর ঠিকানা। যে এলাকায় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, ওই এলাকা শিক্ষা, জ্ঞান, সংস্কৃতি ও রুচিতে পার্শ্ববর্তী এলাকা থেকে সবসময় আলাদা হয়।”
শনিবার (১৭ অক্টোবর) ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের ঐতিহ্যবাহী সদরদী উচ্চ বিদ্যালয় মাঠে তাকে (এমপিকে) দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এমপি শহিদুল ইসলাম বাবুল আরও বলেন, “সফল হতে চাইলে আত্মপ্রত্যয়ী হতে হবে। ভালো মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়াতে চাইলে বড় স্বপ্ন দেখতে হবে। তোমরা আকাশে ওড়ার স্বপ্ন দেখো এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাও। এমন স্বপ্ন দেখবে, যাতে মানুষে মানুষে কোনো বৈষম্য ও ভেদাভেদ না থাকে এবং তোমাদের সেই স্বপ্নকে কেউ যেন ধ্বংস করতে না পারে।”
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে তরুণদের সঠিক পথে চলার পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রযুক্তির যেমন ভালো দিক ও সুবিধা রয়েছে, তেমনি এর খারাপ দিক ও অসুবিধাও আছে। আবেগের বশবর্তী হয়ে কখনো খারাপ কাজে প্রযুক্তি ব্যবহার করা যাবে না। প্রযুক্তির কেবল পজিটিভ বা ভালো দিকটি গ্রহণ করতে হবে। নিজের ব্যর্থতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “তোমার ব্যর্থতার ভার কেউ নেবে না। তোমার ব্যর্থতা, কষ্ট ও যন্ত্রণা তোমাকেই বহন করতে হবে।”
বিশেষ করে বিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজের পায়ে আর্থিকভাবে ও সামাজিকভাবে দাঁড়ানোর জন্য কঠোর পরিশ্রম করো এবং আত্মপ্রত্যয়ী হও। সারা দুনিয়ার মেয়েরা আজ নিজেদের অধিকার ও যোগ্যতায় জেগে উঠেছে। তাই নানা বাধা ও প্রলোভন জয় করে সাধনার মাধ্যমেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে।
সদরদী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফজলে সোবাহান শামীমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুক্তার হোসেন এবং ভাঙ্গা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিউদ্দিন মোল্লাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমন্ত্রিত অতিথিরা এলাকার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।