ঝিনাইদহে বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাই নিহত
বিশেষ প্রতিনিধি: ঝিনাইদহ সদরের বকশি-চাঁদপুর গ্রামে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের কোদালের কোপ ও মারধরে ছোট ভাই নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সোহান মন্ডল (২৬) ওই গ্রামের ইজাল মন্ডলের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই সুমন মন্ডল পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক নানা বিষয় নিয়ে প্রায়ই সোহানের স্ত্রীর সঙ্গে সুমনের কথা-কাটাকাটি হতো। এরই জেরে শনিবার বিকেলে গ্রামের মাঠে ছোট ভাই সোহানের সঙ্গে বড় ভাই সুমনের তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে সঙ্গে থাকা কোদাল দিয়ে সোহানের মাথার পেছনে আঘাত করেন। সোহানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সুমন সটকে পড়েন। পরবর্তীতে আহত সোহানকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতেলের মর্গে রাখা হয়েছে এবং অভিযুক্ত বড় ভাই সুমনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা