প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদক: প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাঁদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে এ ভাতা বৃদ্ধি করা হবে, যাতে তাঁরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানো সরকার ও সমাজের যৌথ দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের অধিকার, মর্যাদা ও অন্যান্য প্রয়োজনীয় চাহিদা পূরণে অতীতে থাকা ঘাটতিগুলো আন্তরিকতার সঙ্গে নিরসন করা হবে। এ লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠান ও আদালতে সাংকেতিক ভাষা ব্যবহারের সুযোগ সৃষ্টির বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও আইনি সহায়তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে গণপরিবহনে তাঁদের যাতায়াত সুগম করতে বিশেষ চাহিদাসম্পন্ন নারীদের জন্য পিংক বাসসেবা আরও উপযোগী করা এবং নকশায় প্রতিবন্ধীবান্ধব সুবিধা না থাকলে ভবনের অনুমোদন না দেওয়ার বিষয়ে কঠোর বার্তা দেন। একই সঙ্গে তাঁদের প্রকৃত সংখ্যা নির্ধারণে সঠিক পরিসংখ্যান সংগ্রহ করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বক্তব্য দেন। সভা পরিচালনা করেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার দুলাল।
এআইএল/সকালবেলা