সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ণ
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন

নূর আলম (দুর্গাপুর, নেত্রকোণা): নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। 

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘাতকদের গ্রেপ্তার এবং ১৫ দিনের মধ্যে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আলটিমেটাম দেওয়া হয়।

দুর্গাপুর প্রেসক্লাবের সহসভাপতি মো. মোহন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, জ্যেষ্ঠ সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার কামাল হোসাইনসহ জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সীমান্তে চোরাচালানের মতো অপরাধের সত্য তথ্য প্রকাশ করায় সাংবাদিক আলিফকে প্রকাশ্যে ছয়টি গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এত বড় মর্মান্তিক ঘটনার পরও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে না পারা প্রশাসনের চরম ব্যর্থতা। মৃত্যুভয় দেখিয়ে সাংবাদিকদের সত্য অনুসন্ধানী কলম থামানো যাবে না উল্লেখ করে তাঁরা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার না করা হলে সারা দেশে কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধন শেষে ক্ষুব্ধ সাংবাদিকরা রাজপথে বসে দীর্ঘ সময় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নির্মমভাবে প্রাণ হারান সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির।

এআইএল/সকালবেলা