ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ণ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু

মো নুরনবী সানি (নরসিংদী): নরসিংদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোসাদ্দেক হাসান (৩২) নামের এক কলেজ শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত মোসাদ্দেক হাসান নরসিংদী মডেল কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রভাষক ছিলেন। তিনি পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া এলাকাভুক্ত বাসিন্দা ও স্থানীয় খিলপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোশারফ হোসেনের ছেলে।

নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. মো. মিজানুর রহমান জানান, ডেঙ্গু পজিটিভ শনাক্ত হওয়ার পর দু-তিন দিন আগে মোসাদ্দেক হাসপাতালে ভর্তি হন। শুক্রবার দুপুরেও তিনি স্বাভাবিকভাবে নামাজ আদায় করেন এবং কিছুটা সুস্থ বোধ করছিলেন। তবে হঠাৎ বিকেলের দিকে তাঁর মাথায় প্রচণ্ড তাপমাত্রা উঠে ব্রেইন স্ট্রোক করে মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এআইএল/সকালবেলা