কলাপাড়ায় নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
জেলা প্রতিনিধি (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ হওয়া ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাবন্দি পচা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুই দিন পর শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের আল-আমিনের ঘরের পাশের খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত রাইয়ান ওই গ্রামের বাসিন্দা রাসেল খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে ঘরের কাজে মা ব্যস্ত থাকা অবস্থায় বাবার পাশে ঘুমে ছিল শিশু রাইয়ান। ঘুম থেকে জেগে তার বাবা শ্বশুরবাড়ির আত্মীয় আল-আমিনকে ঘরের মধ্যে দেখতে পান। পরবর্তীতে আবার ঘুম থেকে উঠে দেখেন শিশুটি নিখোঁজ। পারিবারিক বিরোধের জের ধরে আল-আমিন শিশুটিকে হত্যা করেছেন বলে অভিযোগ তুলে কলাপাড়া থানায় মামলা করেন শিশুটির মা রুমানা বেগম।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের খবরের ভিত্তিতে খাল থেকে শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এআইএল/সকালবেলা