ডিসেম্বরে হাসিনা ফিরবে, এটা হাস্যকর কথা: বিমানমন্ত্রী
মোঃ ইমরান মাহমুদ (জামালপুর): পলাতক শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফিরে আসার গুঞ্জনকে সম্পূর্ণ 'হাস্যকর' বলে আখ্যায়িত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি স্পষ্ট করে বলেন, পৃথিবীর কোথাও এমন কোনো নজির নেই যে কোনো পলাতক স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর পুনরায় ক্ষমতা বা দেশে পুনর্প্রতিষ্ঠিত হতে পেরেছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ আয়োজিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বাঙালি একটি স্বাধীনচেতা জাতি, যারা সবসময় অন্যায় ও সার্বভৌমত্ব হরণের বিরুদ্ধে লড়ে গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তাঁর সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়নে যুগান্তকারী পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছেন।
জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবির শামীম তালুকদার এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি প্রমুখ।
অনুষ্ঠান শেষে ২০২৪-২৫ অর্থবছরের বিভিন্ন উপজেলার মোট ৫৭১টি উন্নয়ন প্রকল্পের অনুকúলে ১৬ কোটি ৫৩ লাখ টাকার চেক স্থানীয় প্রতিনিধিদের মাঝে বিতরণ করা হয়।
এআইএল/সকালবেলা