গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ণ
গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন

বিশেষ প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’ নামের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ শুরু করেছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল চারটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, কারখানাটির ছয়তলা ভবনের নিচতলার স্টোররুমে হঠাৎ আগুন দেখতে পেয়ে কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়। সংবাদ পেয়ে দ্রুতই প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি এবং পরবর্তীতে কোনাবাড়ী থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকেও অতিরিক্ত দুটি ইউনিট দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর জানা যায়নি।

এআইএল/সকালবেলা