কক্সবাজারের সেই রিসোর্টের ম্যানেজার আটক
বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে দুর্ঘটনাস্থল থেকেই তাঁকে হেফাজতে নেওয়া হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, ম্যানেজার মোহাম্মদ সুমনকে থানায় এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।
এর আগে শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সৈকত এলাকার অনুমোদনহীন ওই রিসোর্টটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দীর্ঘ উদ্ধার অভিযান শেষে বিকেলে তল্লাশি সমাপ্ত ঘোষণা করা হয়। এদিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহান জানান, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকে মোট ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে; তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় বা কার লাশ কোনটি তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
এআইএল/সকালবেলা