ধর্ষণের অভিযোগে বান্দরবানে এনসিপি নেতা গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ণ
ধর্ষণের অভিযোগে বান্দরবানে এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শৈক্য চিং মার্মাকে গ্রেপ্তার করেছে বান্দরবান সদর থানা পুলিশ। 

শুক্রবার (১৬ অক্টোবর) ভুক্তভোগী তরুণীর দায়ের করা মামলার প্রেক্ষিতে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ওই তরুণীর একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। তরুণীর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে শৈক্য চিং মার্মা তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং পরবর্তীতে বান্দরবানের সাইনি রিসোর্টে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেন।

তবে শৈক্য চিং মার্মা তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। এ বিষয়ে জেলা এনসিপির আহ্বায়ক মং শা প্রু জানান, বিষয়টি দলীয় কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়েছে; অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধী যে-ই হোক না কেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে কঠোর অবস্থানে থাকবে।

এআইএল/সকালবেলা