সরকার ও দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্র হচ্ছে: রিজভী
বিশেষ প্রতিবেদন: একটি বিশেষ চক্র দেশে ও বিদেশে অবস্থান করে বর্তমান সরকার এবং দেশের ভাবমূর্তি বিনষ্ট করার চক্রান্তে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, সব ধরনের অপপ্রয়াস নস্যাৎ করতে সরকার এবারের দুর্গাপূজায় নিখুঁত নিরাপত্তাবলয় তৈরির সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ের ২৯তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী জানান, সুষ্ঠু ও নিরাপত্তাবেষ্টিত পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনকে বারবার প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। পাশাপাশি রাজনৈতিক দলীয় অবস্থান থেকেও কেন্দ্র থেকে জাতীয় কমিটি গঠন করে স্থানীয় পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। নেতাকর্মীদের মণ্ডপভিত্তিক পাহারার ব্যবস্থা এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবগাম্ভীর্য অক্ষুণ্ন রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে রিজভী বলেন, জীবনকে অর্থবহ করতে ও নিজেদের অধিকার রক্ষায় শিক্ষার কোনো বিকল্প নেই। পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে শরীরচর্চা ও সুস্থ বিনোদনের সাথে যুক্ত থাকার আহ্বান জানান তিনি। একই সাথে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা খন্দকার সামছুল আলম পোখরাজের অবদানের গভীর প্রশংসা করেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, "এ দেশ আমাদের সবার। সম্প্রীতির বার্তা নিয়ে আমরা নিজ নিজ ধর্ম পালন করব। আসন্ন দুর্গাপূজার নিরাপত্তায় প্রতিটি মণ্ডপে দলের নেতাকর্মীরা দায়িত্ব পালন করবেন।"
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি খন্দকার আবু হাসান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি তাহমিনা আদনান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন।
এআইএল/সকালবেলা