পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ণ
পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

হাবিবুর রহমান হাবিব (পীরগাছা, রংপুর): রংপুরের পীরগাছায় জমি-সংক্রান্ত মামলার তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও ঘুস দাবির অভিযোগে তাম্বুলপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. মনু মিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পীরগাছা উপজেলার পূর্বদেবু গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী নয়া মিয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নয়া মিয়া অভিযোগ করেন, পূর্বদেবু মৌজায় কবলা সূত্রে কেনা জমি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় আদালত ভূমি অফিসকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু সরেজমিন উপস্থিত ব্যক্তিদের বক্তব্য উপেক্ষা করে উপসহকারী ভূমি কর্মকর্তা মনু মিয়া মনগড়া প্রতিবেদন জমা দেন। নয়া মিয়া দাবি করেন, ভূমি অফিসের অফিস সহায়ক আসাদুল ইসলামের মাধ্যমে চাওয়া মোটা অঙ্কের টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাঁর বিপক্ষে এই প্রতিবেদন দেওয়া হয়েছে। তিনি অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও পুনঃতদন্তের দাবি জানান।

তবে অনিয়ম ও ঘুস দাবির অভিযোগ অস্বীকার করে উপসহকারী ভূমি কর্মকর্তা মনু মিয়া জানান, তিনি নিরপেক্ষভাবে সরেজমিন খোঁজখবর নিয়েই আদালতে প্রতিবেদন দাখিল করেছেন।

এআইএল/সকালবেলা