সাবেক সচিব ধনঞ্জয়ের জমি ও ব্যাংক হিসাব জব্দ
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের একটি জমি ক্রোক ও ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন।
এর আগে গত ১৫ অক্টোবর দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম এ আবেদনটি করেন। আবেদনে উল্লেখ করা হয়, সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ ২ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৮২৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া তাঁর নিয়ন্ত্রণাধীন ১৪টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৫ কোটি ৯০ লাখ ১৫ হাজার ৫৯০ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।
দুদক তাদের আবেদনে আরও জানায়, আসামি তাঁর মালিকানাধীন জমি বিক্রি বা হস্তান্তর করার চেষ্টা করছেন। এমতাবস্থায় বিচার শেষে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে তা বাজেয়াপ্ত হওয়া অনিশ্চিত হয়ে পড়তে পারে। শুনানি শেষে আদালত ঢাকার নন্দীপাড়া মৌজায় থাকা ধনঞ্জয় দাসের ০.৭৯৬ শতাংশ জমি ক্রোক এবং সিটি ব্যাংক ও এনসিসি ব্যাংকে থাকা ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন।
এআইএল/সকালবেলা