অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার: রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্টের গর্তে পড়ে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের (৭২) মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে ভবনটির নিচতলার সিঁড়ির পাশ থেকে তাঁকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মোশাররফ হোসেন বিসিএস ৮১ ব্যাচের কর্মকর্তা ছিলেন। তাঁর গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে হলেও তিনি রাজধানীর বনানীতে বসবাস করতেন এবং অফিসার্স ক্লাবের নিয়মিত সদস্য ছিলেন।
পুলিশ ও ক্লাবের সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ছোট মেয়েকে নিয়ে সুইমিংপুলে যান তিনি। মেয়েকে সেখানে রেখে অফিসের দিকে যাওয়ার সময় ভুলবশত নির্মাণাধীন ভবনের ভেতরে ঢুকে পড়েন। চোখের দৃষ্টিস্বল্পতা ও অন্ধকারের কারণে পথ খুঁজে না পেয়ে বেজমেন্টের প্রায় দুই ফুট বাই ১০ ফুটের একটি গর্তে পড়ে যান তিনি। দীর্ঘক্ষণ সন্ধান না পেয়ে স্বজনেরা ক্লাব কর্তৃপক্ষের সহায়তায় ফুটেজ পর্যালোচনা করে বেজমেন্ট থেকে তাঁর লাশ উদ্ধার করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, সিসিটিভি ক্যামেরার সব ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয়েছে ঘটনাটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত। নিহত কর্মকর্তার যুক্তরাষ্ট্রপ্রবাসী মেয়ে দেশে ফিরলে দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এআইএল/সকালবেলা