বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ
বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার আশঙ্কা দিন দিন আরও জোরালো হচ্ছে। মার্কিন অর্থনীতিতে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি মাত্রায় বৃদ্ধি পাওয়ায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ (ফেড) চলতি বছর সুদের হার আরও বাড়াতে পারে—এমন শঙ্কার জেরে সপ্তাহজুড়ে নিম্নমুখী ধারায় রয়েছে মূল্যবান এই ধাতুর বাজার।

গত শুক্রবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক পুঁজিবাজার ও বুলিয়ন মার্কেটে স্পট স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ১৬৫ ডলার ১২ সেন্টে নেমে আসে। সবমিলিয়ে সদ্য সমাপ্ত সপ্তাহটিতে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ। বাজার বিশ্লেষকদের মতে, এই নিম্নমুখী প্রবণতা সামনে আরও দীর্ঘায়িত হতে পারে।

সাম্প্রতিক প্রকাশিত যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক তথ্য বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সেপ্টেম্বরে দেশটির উৎপাদক পর্যায়ের মূল্য বিগত সাড়ে চার বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ভোক্তা পর্যায়েও মূল্যস্ফীতির পারদ চড়েছে।

এর ফলে চলতি মাসে সুদের হার অপরিবর্তিত রাখা হলেও ডিসেম্বরের মুদ্রানীতি পর্যালোচনায় সুদের হার বাড়াতে পারে ফেড। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের প্রায় ৯০ শতাংশই আগামী ডিসেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা দেখছেন।

সাধারণত অর্থনৈতিক অনিশ্চয়তা ও মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ বা সুরক্ষা হিসেবে স্বর্ণকে বেছে নেন বিনিয়োগকারীরা। তবে সুদের হার বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। কারণ, স্বর্ণ নিজের থেকে কোনো নিয়মিত লভ্যাংশ বা সুদ প্রদান করে না। ফলে বিনিয়োগকারীরা বেশি মুনাফার আশায় বন্ড বা অন্যান্য সুদি সম্পদের দিকে ঝুঁকে পড়েন।

টিডি সিকিউরিটিজের বৈশ্বিক কমোডিটি কৌশল বিভাগের প্রধান বার্ট মেলেক মনে করেন, স্বর্ণের দাম বর্তমানে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করলেও তা নিম্নমুখী সমর্থনসীমার দিকে ঝুঁকছে। এর মূল কারণ হিসেবে তিনি ফেডের সুদের হারসংক্রান্ত অস্পষ্ট নীতিকে দায়ী করেছেন।

ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ হামাদ হুসেইনও একই আশঙ্কার কথা জানিয়ে বলেছেন, বছরের বাকি সময়জুড়ে স্বর্ণের বাজার কিছুটা চাপের মুখে থাকতে পারে। তবে রয়টার্স জানিয়েছে, বিশ্ব রাজনীতি, ডলারের শক্তিশালী অবস্থান এবং সার্বিক আন্তর্জাতিক পরিস্থিতির ওপর নির্ভর করবে স্বর্ণের বাজারের পরবর্তী সুনির্দিষ্ট গতিপ্রকৃতি।