মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব
অনলাইন ডেস্ক: সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কারণ জানতে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবরটি অত্যন্ত দুঃখজনক এবং এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা। যে দেশেই প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করবেন, সে দেশের আইনি কাঠামো ও অনুশাসন মেনে চলা বাধ্যতামূলক।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ মিশনের শ্রম উইংয়ের সূত্রে জানা গেছে, মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অসামাজিক ও গর্হিত কাজে লিপ্ত থাকার অভিযোগে ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় দেশটির আদালত।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মৃত্যুদণ্ড কার্যকরের আগে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। সৌদি সরকারের আনুষ্ঠানিক জবাব পাওয়ার পর স্বজনদের কাছে লাশ ফিরিয়ে আনা ও পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা