হামে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৯ জন
অনলাইন ডেস্ক: সারাদেশে সংক্রামক ব্যাধি হাম ও হামের উপসর্গের প্রকোপ ক্রমশ উদ্বেগজনক রূপ ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে নতুন করে আরও সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন মোট এক হাজার ৩১৯ জন নতুন রোগী।
রবিবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দেশের সর্বশেষ এই সার্বিক পরিস্থিতি প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া এক হাজার ৩১৯ জন রোগীর মধ্যে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন এক হাজার ২৫৪ জন। আর পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৬৫ জন।
গত ২৪ ঘণ্টায় যে সাতজনের মৃত্যু হয়েছে, তারা সবাই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। তবে এই সময়কালে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হাম রোগীদের মধ্যে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে শুরু করে ১৮ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৪৪ জনে। এর মধ্যে ল্যাবরেটরিতে পরীক্ষা করে নিশ্চিত হওয়া মোট হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ১২২ জন।
গত সাড়ে সাত মাসে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সারাদেশে কেবল হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ১ হাজার ৯২ জনের। আর ল্যাব পরীক্ষায় শতভাগ নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০৪ জন। সবমিলিয়ে এই সময়কালে দেশে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৬ জনে।
হামের বিস্তার রোধে দ্রুত টিকাদান জোরদার এবং লক্ষণ দেখা দিলে শিশুকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরমর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।