নরওয়েতে মন্দির হলো মসজিদ, উদ্বোধন করলেন তাকী উসমানী
আন্তর্জাতিক ডেস্ক: নরওয়ের রাজধানী অসলোতে একটি পরিত্যাক্ত বৌদ্ধমন্দিরকে নতুন মসজিদরূপে নির্মাণ করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক ইসলামিক সেন্টার ও জামে মসজিদ নামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন সম্পন্ন হয়েছে।
আজ রবিবার (১৮ অক্টোবর) প্রবাসী আলেম মাওলানা আব্দুল কারিম আল মাদানীর ফেসবুক পোস্টের সূত্রে জানা গেছে, সম্প্রতি এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিখ্যাত ইসলামী পণ্ডিত ও শীর্ষস্থানীয় ফকিহ শাইখুল ইসলাম মুফতী তাকী উসমানী নতুন এই মসজিদের উদ্বোধন করেন।
ইউরোপীয় অঞ্চলে এই প্রথম কোনো প্রাক্তন বৌদ্ধমন্দিরকে পূর্ণাঙ্গ মসজিদে রূপান্তরিত করা হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুফতী তাকী উসমানী নতুন এই মসজিদে দুই রাকাত নফল নামাজ আদায় করেন। পরবর্তীতে উপস্থিত মুসল্লি ও স্থানীদের উদ্দেশে সংক্ষিপ্ত ইংরেজি বক্তব্য প্রদান করেন তিনি। তিনি তাঁর বক্তব্যে বিশ্বব্যাপী ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া এবং পারস্পরিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন। পরিশেষে উম্মাহর কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এআইএল/সকালবেলা