আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলকে বাবর আজম
অনলাইন ডেস্ক: পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম বিশ্বসেরা তারকা ব্যাটার বাবর আজম আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন অনন্য উচ্চতায় পৌঁছালেন। ব্যাট হাতে দুর্দান্ত ধারাবাহিকতার স্বাক্ষর রেখে তিনি সব ফরম্যাট মিলিয়ে ১৬,০০০ আন্তর্জাতিক রানের মাইলফলক অতিক্রম করেছেন।
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এই অনন্য রেকর্ড গড়েন ডানহাতি এই ব্যাটার। ইনিংসের শুরুতেই প্রয়োজনীয় রান যোগ করার সাথে সাথেই তিনি এই দীর্ঘ কাঙ্ক্ষিত মাইলফলকে নিজের নাম খোদাই করেন।
বাবর আজম পাকিস্তানের টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে পঞ্চম ক্রিকেটার যিনি ১৬ হাজার রানের কোটা পার করার গৌরব অর্জন করলেন।
বর্তমানে ওয়ানডে ক্রিকেটে ৬,৫০০-এর বেশি রান, ৬৬টি টেস্ট ম্যাচে ৪,৭৭১ রান এবং ১৪৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৪,৫৯৬ রান সংগ্রহ করেছেন তিনি। সব ফরম্যাট মিলিয়ে বাবরের ঝুলিতে রয়েছে ৩২টি চোখধাঁধানো আন্তর্জাতিক সেঞ্চুরি এবং ১১১টি হাফ-সেঞ্চুরি।
পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা:১. ইনজামাম-উল-হক: ২০,৫৪১ রান (৪৯৫ ম্যাচ) ২. ইউনিস খান: ১৭,৭ ৯০ রান (৪০৮ ম্যাচ) ৩. মোহাম্মদ ইউসুফ: ১৭,১৩৪ রান ৪. জাভেদ মিয়াঁদাদ: ১৬,২১৩ রান ৫. বাবর আজম: ১৬,০০৭+ রান
১৬ হাজার রানের মাইলফলক ছোঁয়ার পাশাপাশি আরেকটি ঐতিহাসিক রেকর্ডের একেবারে দোড়গোড়ায় অবস্থান করছেন বাবর আজম। পাকিস্তানের সাবেক তারকা ওপেনার সাঈদ আনোয়ারের গড়া দেশের পক্ষে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরির (২০টি) রেকর্ডটি ভাঙার অপেক্ষায় রয়েছেন তিনি।
সাঈদ আনোয়ারের সমকক্ষ ২০টি ওয়ানডে সেঞ্চুরি ইতিমধ্যেই করে ফেলেছেন বাবর, তবে তা অনেক কম ইনিংসে। আর মাত্র একটি ওয়ানডে সেঞ্চুরি হাঁকালেই তিনি একচ্ছত্রভাবে শীর্ষে উঠে আসবেন। একই সঙ্গে দ্রুততম ব্যাটার হিসেবে ২১টি ওয়ানডে সেঞ্চুরির বৈশ্বিক তালিকায় দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা (১১৬ ইনিংস) ও ভারতের বিরাট কোহলির (১৩৮ ইনিংস) পরেই ৩য় স্থানে উঠে আসার হাতছানি রয়েছে বাবর আজমের সামনে।