কাচালং নদীতে বাঁশের দীর্ঘ ভেলা, পাহাড়ি বাঁশ যাচ্ছে দেশজুড়ে
মো. সোহরাওয়ার্দী সাব্বির (রাঙামাটি প্রতিনিধি): পাহাড়ি জনপদের নদীপথে বনজ সম্পদ পরিবহনের এক অনন্য ও নৈসর্গিক দৃশ্য দেখা গেছে রাঙামাটির কাচালং নদীতে। নদীর বুকে হাজার হাজার বাঁশ একসঙ্গে বেঁধে তৈরি করা হয়েছে দীর্ঘ বাঁশের ভেলা। দূর থেকে দেখলে মনে হয়, শান্ত নদীর বুক জুড়ে ভেসে চলেছে সবুজ এক বাঁশের সেতু।
রাঙামাটির বাঘাইছড়ি ও আশপাশের পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিকভাবে উৎপাদিত বাঁশ স্থানীয় বাসিন্দাদের আয়ের অন্যতম উৎস। পাহাড় থেকে সংগৃহীত এসব বাঁশ দূর-দূরান্তে পরিবহনের জন্য নদীতে ভাসিয়ে বিশালাকার ভেলা তৈরি করা হয়। পরবর্তীতে নদীর পানির প্রবাহ ও ইঞ্জিনচালিত নৌকার সাহায্যে ভেলাগুলোকে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যান কারবারিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, কাচালং নদী হয়ে এই বাঁশের ভেলাগুলো প্রথমে কাপ্তাই হ্রদ এবং সেখান থেকে রাঙামাটি সদর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। দেশের বিভিন্ন অঞ্চলের নির্মাণকাজ, কাঁচা ঘরবাড়ি তৈরি, হস্তশিল্প ও কৃষি সংক্রান্ত প্রয়োজনে পাহাড়ি এলাকার এই বাঁশের রয়েছে ব্যাপক চাহিদা।
কাচালং নদীর বুকে ভেসে চলা বাঁশের ভেলা কেবল পাহাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী পরিবহন ব্যবস্থাই প্রকাশ করে না, এর সঙ্গে জড়িয়ে রয়েছে হাজারও পাহাড়ি-বাঙালি শ্রমজীবী মানুষের রুজি-রুটি ও জীবনসংগ্রাম। পাহাড়ি জনপদের প্রকৃতি ও মানুষের প্রাত্যহিক জীবনের এমন অপরূপ সমন্বয় প্রতিদিন নজর কাড়ছে নদীপাড়ের সাধারণ মানুষের।
এআইএল/সকালবেলা