বিজেএসে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
মো: ইসতিয়াক আহম্মদ আসিফ (গোবিপ্রবি প্রতিনিধি): ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী জজ পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আইন বিভাগের পাঁচ কৃতী শিক্ষার্থীকে ফুলেল সংবর্ধনা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় উপাচার্যের কার্যালয়ে এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। এ সময় উপাচার্য তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্যমণ্ডিত কর্মময় জীবন কামনা করেন।
সুপারিশপ্রাপ্ত পাঁচজন হলেন—আইন বিভাগের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের আফরিনা আনসারী তুলি, ২০১৬–১৭ শিক্ষাবর্ষের হাসান মাহমুদ ও এমদাদুল ইসলাম, ২০১৮–১৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ শিবলু রহমান এবং ২০১৯–২০ শিক্ষাবর্ষের দেবব্রত ভট্টাচার্য্য।
অভিনন্দন বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, "এই ধারাবাহিক সফলতা গোবিপ্রবির আইন বিভাগসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য এক বিশাল গর্বের বিষয়। সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে তোমরা দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।"
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান, আইন বিভাগের চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। ১৮তম জুডিশিয়ারিতে একই বিভাগের পাঁচজন শিক্ষার্থী সহকারী জজ হিসেবে মনোনীত হওয়াকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এআইএল/সকালবেলা