মণিরামপুরে বিএনপি নেতা মুছার মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশ: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ণ
মণিরামপুরে বিএনপি নেতা মুছার মৃত্যুবার্ষিকী পালিত

আব্দুল্লাহ আল মামুন (মণিরামপুর প্রতিনিধি): মণিরামপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি প্রয়াত জননেতা আলহাজ্ব মোহাম্মদ মুছার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের নেঙ্গুড়াহাট মাদ্রাসা মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফাইসাল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শান্ত, বিল্লাল গাজী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস এবং প্রয়াত নেতা মুছার দুই ছেলে—উপজেলা বিএনপির সদস্য কামরুজ্জামান শাহিন ও মঈন উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।

স্মরণসভায় বক্তারা প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ মুছার রাজনৈতিক নেতৃত্ব, রাজপথের সংগ্রাম ও সংগঠনের প্রতি তাঁর অনবদ্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা সভা শেষে প্রয়াত এই নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এআইএল/সকালবেলা