চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২
ইমতিয়াজ মাহমুদ ইমন (কক্সবাজার প্রতিনিধি): কক্সবাজারের চকরিয়ায় বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ছাত্রদল নেতা মো. জিসান (২৬) অপহরণ ও নির্মম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে চকরিয়া থানা-পুলিশ। ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সিলভার রঙের নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—আনোয়ার হোসেন প্রকাশ কাল্লু ড্রাইভার এবং জিসাত মিয়া প্রকাশ শওকত ড্রাইভার (২৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের দিকনির্দেশনায় এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল প্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান পরিচালনা করে।
ঘটনার বিবরণীতে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাতে চকরিয়ার কাকারা ইউনিয়নের মাইজ কাকারা এলাকা থেকে জিসানকে একটি সিলভার রঙের নোহা গাড়িতে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ প্রথমে মূল অভিযুক্ত কাল্লু ড্রাইভারকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া শওকত ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়। আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী অপরাধে ব্যবহৃত চট্টমেট্রো-চ-১১-৫৯৬৯ নিবন্ধিত সিলভার রঙের নোহা গাড়িটি জব্দ করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, জিসানকে অপহরণের পর সুপরিকল্পিতভাবে কিলিং মিশনে অংশ নেন তাঁরা। এ ঘটনার মূল পরিকল্পনাকারী, অর্থদাতা ও জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।
এ ঘটনায় চকরিয়া থানায় দায়ের করা হত্যা মামলায় (মামলা নং-৪৪) আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এআইএল/সকালবেলা