অনৈতিক সম্পর্কের অভিযোগে বাগেরহাটের এসআই দ্বীপ মন্ডল প্রত্যাহার

প্রকাশ: সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ণ
অনৈতিক সম্পর্কের অভিযোগে বাগেরহাটের এসআই দ্বীপ মন্ডল প্রত্যাহার

মাসুম বিল্লাহ (বাগেরহাট প্রতিনিধি): বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ প্রশাসন।

এর আগে রোববার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের একটি গ্রামে প্রবাসীর বাড়ি থেকে এসআই দ্বীপ মন্ডলকে স্থানীয় জনতা আটক করেন। প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জানা গেছে, এসআই দ্বীপ মন্ডল বিষ্ণুপুর ইউনিয়নের বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিট পুলিশিংয়ের সুবাদে ওই এলাকায় তাঁর নিয়মিত যাতায়াত ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে এসআই দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে তাঁর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআইএল/সকালবেলা