বাকেরগঞ্জে দোয়া মাহফিল মঞ্চে বিতর্কিত নৃত্য, প্রতিবাদে অনুষ্ঠান বন্ধ
সাঈদ পান্থ (বরিশাল প্রতিনিধি): বরিশালের বাকেরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল শেষে একই মঞ্চে বিতর্কিত নৃত্য পরিবেশনের অভিযোগে একটি আয়োজন বন্ধ করে দিয়েছে পুলিশ।
উপজেলার দুধল ইউনিয়নের সুন্দরকাঠী মোল্লা বাজারে গত ৩ ও ৪ অক্টোবর দুই দিনব্যাপী দোয়া, মিলাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয়রা জানান, প্রথম দিন দেশের কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তবে অভিযোগ ওঠে, দোয়া শেষে মঞ্চে কোরআন শরিফের ছবি সংবলিত ব্যানার টাঙানো অবস্থাতেই সেখানে নৃত্য পরিবেশন করা হয়। পরবর্তীতে ওই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।
অনুষ্ঠানের আয়োজক ও স্থানীয় ইউপি সদস্য শাহিন মোল্লা জানান, তিনি এলাকাবাসীকে নিয়ে কর্মসূচির আয়োজন করেছিলেন। তবে দলীয় পদপ্রার্থী বা অনুমতি বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তিনি কোনো দলীয় পদে নেই এবং কারও অনুমতিও নেননি।
এদিকে দুধল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মকবুল খান জানান, আয়োজক শাহিন মোল্লার সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই এবং দলীয় সিদ্ধান্ত ছাড়াই এই অগ্রহণযোগ্য আয়োজন করা হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, বিতর্কিত কর্মকাণ্ডের খবর ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে।
এআইএল/সকালবেলা