সিরাজীর ওপর হামলায় জড়ানোর অভিযোগ মিথ্যা দাবি বাদলের

প্রকাশ: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ণ
সিরাজীর ওপর হামলায় জড়ানোর অভিযোগ মিথ্যা দাবি বাদলের

মিজানুর রহমান (কটিয়াদী, কিশোরগঞ্জ প্রতিনিধি): কিশোরগঞ্জের কটিয়াদীতে পৌর বিএনপি নেতা শাজাহান সিরাজীর ওপর হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. শফিকুর রহমান বাদল। তিনি এ অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে ঘটনার সময় তাঁর অবস্থান নিশ্চিত করতে সিসিটিভি ফুটেজ যাচাই ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) সাংবাদিকদের দেওয়া লিখিত বক্তব্যে বাদল বলেন, গত ২৯ সেপ্টেম্বর শাজাহান সিরাজীর ওপর হামলার সঙ্গে তাঁর বা তাঁর পরিবারের কোনো সম্পৃক্ততা নেই। ঘটনার সময় তিনি কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সময়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলেই তাঁর বক্তব্য সত্যি প্রমাণিত হবে বলে দাবি করেন তিনি।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) সংবাদ সম্মেলনে শাজাহান সিরাজী অভিযোগ তোলেন, গত ২৯ সেপ্টেম্বর কাহেতেরটেকী এলাকায় তাঁর ওপর হামলা চালানো হয়। তাঁর দাবি, উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুর রহমান বাদলের নির্দেশে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীসহ ১০-১২ জন সন্ত্রাসী এ হামলায় অংশ নেয়। এ হামলায় তিনি মাথায় গুরুতর আঘাত পান।

শাজাহান সিরাজীর অভিযোগ, গত ২০ সেপ্টেম্বর বাদলের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বৈঠকের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে। ওই ঘটনার পেছনে তাঁকে সন্দেহ করে হুমকি দেওয়া হচ্ছিল। পরবর্তীতে বাদলের নাম উল্লেখ করে থানায় এজাহার দিলে পুলিশ মামলা নেয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করে বাদল বলেন, এ হামলার সঙ্গে তাঁর কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত সংশ্লিষ্টতা নেই। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাঁকে জড়ানো হচ্ছে। তিনি সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণ নিরপেক্ষভাবে যাচাই করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বাদল ও শাজাহান সিরাজীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। হামলার অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন ও জেলা পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।

এআইএল/সকালবেলা