তিতাসে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাসে টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবার সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তাঁকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের ইউসুফপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম শান্তি (৬৫)। তিনি ইউসুফপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। অভিযুক্ত ছেলে মমিতুল ইসলাম রাজন (২৮) বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
স্থানীয় ও পুলিশি সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পারিবারিক টাকার হিসাব ও পাওনা চাওয়াকে কেন্দ্র করে বাবা নুরুল ইসলাম শান্তির সঙ্গে ছোট ছেলে রাজনের প্রচণ্ড তর্কাতর্কি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রাজন তাঁর বাবাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করেন। এতে ঘটনাস্থলেই প্রবীণ নুরুল ইসলাম লুটিয়ে পড়েন এবং তাঁর মৃত্যু হয়।
ঘটনাটি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিক অভিযুক্ত রাজনকে ধরে ফেলেন এবং থানায় সংবাদ দেন। তিতাস থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এবং অভিযুক্ত রাজনেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
নিহতের বড় ছেলে মহিমুল ইসলাম মোহন জানান, ‘আমি পার্শ্ববর্তী হোমনা উপজেলায় কাজ করি। মর্মান্তিক এই সংবাদ পেয়ে দ্রুত বাড়িতে এসে বাবার মরদেহ দেখতে পাই।’
স্থানীয় ইউপি সদস্য মো. রাসেল মিয়া জানান, রাজনের মা সম্প্রতি তাঁদের নানার বাড়ির ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বিক্রি করে কয়েক লাখ টাকা পান। সেই টাকার ভাগ ও লেনদেন নিয়ে সকাল থেকেই পরিবারে বিরোধ চলছিল। বেকার রাজন শুক্রবার রাতে নানার বাড়িতে থাকার পর সকালে এসে টাকার জন্য বাবার ওপর চড়াও হয় এবং এই মর্মান্তিক ঘটনা ঘটায়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা