বিমানে ১৭৪ যাত্রীকে বাঁচিয়ে হিরো ভারতীয় পাইলট
বিনোদন ডেস্ক: দুবাই থেকে ইসরায়েলগামী একটি যাত্রীবাহী উড়োজাহাজে চরম বিপদ ও জীবনের ঝুঁকি সত্ত্বেও ১৭৪ জন যাত্রীর প্রাণ বাঁচিয়ে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। নিজের দায়িত্ববোধ ও অসাধারণ উপস্থিত বুদ্ধির মাধ্যমে এক ভয়াবহ দুর্ঘটনা রুখে দেওয়ার জন্য তাকে কুর্নিশ ও স্যালুট জানিয়েছেন বলিউডের দুই কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান ও সালমান খান।
সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্টের মাধ্যমে দুই বলিউড তারকা পাইলট স্মিতের অসীম সাহসের প্রশংসা করার পাশাপাশি তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
কিং খান শাহরুখ খান ক্যাপ্টেন স্মিতকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক তখনই আপনি পর্বতের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছেন। চরম প্রতিকূলতার মুখে নিজের জীবনের ঝুঁকি নেওয়া সহজ কথা নয়, কিন্তু যাত্রীদের বাঁচাতে আপনি সেটাই করেছেন। একজন আদর্শ ক্যাপ্টেনের আসল দায়িত্ব কী, তা আপনার এই সাহসিকতা প্রমাণ করেছে। আপনার দ্রুত সুস্থতা কামনা করি, পুরো দেশ আপনাকে নিয়ে গর্বিত।’
শাহরুখের পর বলিউড সুলতান সালমান খানও স্মিতের প্রশংসায় পোস্ট দিয়ে লেখেন, ‘কামাল করে দিয়েছেন পাইলটজি! আমরা সবাই আপনাকে স্যালুট জানাই। ভবিষ্যতে আপনার বিমানে উড়ার সুযোগ পেলে সত্যি ধন্য হব। দারুণ কাজ করেছেন ভাই!’
উল্লেখ্য, গত বুধবার দুবাই থেকে তেল আবিবগামী ‘ফ্লাইদুবাই’-এর এফজেড১০৭৩ (FZ1073) ফ্লাইটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। উড়োজাহাজটিতে ২৭ জন শিশুসহ মোট ১৭৪ জন যাত্রী ছিলেন। উড্ডয়নের কিছু পরেই উড়োজাহাজটি যখন আকাশসীমায় ৩৪ হাজার ফুট উঁচুতে অবস্থান করছিল, তখন সহকারী পাইলট আকস্মিকভাবে প্রধান পাইলট স্মিত মাচ্ছারকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন এবং বিমানটি বিধবস্থ করার চেষ্টা চালান।
এতে মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ১৭ হাজার ফুটেরও বেশি নিচে নেমে যায়। তবে গুরুতর আহত হওয়া সত্ত্বেও ক্যাপ্টেন স্মিত কোনোমতে ককপিটের দরজা খুলে দেন এবং সহকর্মীদের সহায়তায় গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তাবুক শহরের প্রিন্স সুলতান বিন আবদেল আজিজ বিমানবন্দরে নিরাপদে জরুরী অবতরণ করতে সক্ষম হন।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রক্তসংক্রান্ত ছবিতে দেখা যায়, উড়োজাহাজের গ্যালিতে মারাত্মক আহত অবস্থায় পড়ে আছেন স্মিত। শরীরের বিভিন্ন স্থানে জখম নিয়ে তার মুখে অক্সিজেনের মাস্ক লাগানো ছিল।
শুক্রবার আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক ভিডিও কলে যুক্ত হন স্মিত। প্রায় ১০ মিনিটের সেই কথোপকথনে তিনি দুর্ঘটনার রুদ্ধশ্বাস মুহূর্তের বিবরণ দেন। ১৭ বছর ধরে উড্ডয়ন পেশায় নিয়োজিত এবং ১১ বছর ধরে ক্যাপ্টেনের দায়িত্ব সামলানো স্মিত জানান, সংকটের সেই মুহূর্তে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন এবং নিজের মনকে সজাগ রেখে যেকোনো মূল্যে দরজার লকটি খুলে দেন, যার ফলে যাত্রীদের প্রাণ রক্ষা পায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও স্মিতের এই অসম সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। শাহরুখ ও সালমান খান ছাড়াও রণবীর সিং, ভিকি কৌশল, সানি দেওল ও তামান্না ভাটিয়ার মতো প্রথম সারির একঝাঁক বলিউড তারকা ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের এমন আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়েছেন।