‘এর চেয়ে বেশি আর কিছুই চাই না’: ভিকি কৌশল
শোবিজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় ও প্রভাবশালী তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের কোল আলো করে ২০২৫ সালের নভেম্বরে এসেছে তাদের প্রথম সন্তান 'বিহান'। ঘরে নতুন অতিথি আসার পর জীবন ও দৃষ্টিভঙ্গিতে যে বিশাল পরিবর্তন এসেছে, তা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের গভীর অনুভূতি প্রকাশ করেছেন ভিকি কৌশল।
তিনি জানান, ছেলে বিহানের প্রথম হাসি, আধো আধো ডাক আর স্ত্রী ক্যাটরিনার মুখের তৃপ্তির হাসি তাকে জীবনের এমন এক জায়গায় নিয়ে গেছে, যেখানে নতুন করে আর কিছুই চাওয়ার থাকে না।
এক সাক্ষাৎকারে নিজের আত্মসন্তোষের কথা জানিয়ে ভিকি বলেন, ‘মানুষের একটি সাধারণ প্রবণতা হলো, জীবনে সে কখনও পুরোপুরি সন্তুষ্ট হতে পারে না। কিন্তু গত ১০ মাসে আমি এমন অসংখ্য মুহূর্ত বেঁচেছি, যেখানে আমার মনে হয়েছে জীবনের কাছে এর চেয়ে বেশি আর কিছুই চাওয়া বা পাওয়ার নেই। স্ত্রীর মুখের স্নিগ্ধ আলো আর ছেলের খিলখিল করে হেসে ওঠার মুহূর্তগুলো যদি সারাজীবনের জন্য বন্দি করে রাখা যেত!’
বাবা হওয়ার দায়িত্ববোধ নিয়ে বলতে গিয়ে এই অভিনেতা জানান, পিতৃত্ব তাকে নিজের চালচলন ও ব্যক্তিত্বের দিকে নতুন করে নজর দিতে বাধ্য করেছে। তার মতে, শিশুরা শৈশবে যা দেখে ও শোনে, বাবা-মায়ের কাছ থেকেই তা শেখে। ফলে ছেলে বিহান যেন তার কাছ থেকে সবসময় ইতিবাচক শিক্ষা পায়, সেই বিষয়টি মাথায় রেখে নিজের অভ্যাসেও পরিবর্তন আনার চেষ্টা করছেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি আম্বানিদের রাজকীয় গণেশ চতুর্থী উদযাপনে দীর্ঘদিন পর প্রকাশ্যে একসঙ্গে হাজির হয়েছিলেন ভিকি ও ক্যাটরিনা। তবে সেখানে মা হওয়ার পর ক্যাটরিনার শারীরিক পরিবর্তন (পোস্টপার্টম ওয়েট গেইন) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশে কুরুচিপূর্ণ কটূক্তি ও ট্রোলিংয়ের শিকার হতে হয় অভিনেত্রীকে। যদিও এই বিষয়ে ভিকি বা ক্যাটরিনা প্রকাশ্য কোনো বিতর্ক তৈরি করেননি।
তবে বিষয়টি নিয়ে ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছিলেন বলিউড ভাইজান সালমান খান। 'বিগ বস'-এর মঞ্চে ট্রোলারদের কড়া জবাব দিয়ে সালমান স্পষ্ট জানান, মা হওয়ার পর একজন নারীর শরীরে স্বাভাবিক পরিবর্তন আসে এবং এ নিয়ে কাউকে অসম্মান বা ট্রোল করা একেবারেই অনুচিত।