কেন্দুয়ায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সমাপ্ত
মোঃ আমিনুল ইসলাম কায়েস (নন্দাইল উপজেলা প্রতিনিধি): সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর কেন্দুয়া উপজেলা পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে আধুনিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ সময় কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ আবদুল হাই সেলিমসহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যগণ এমন প্রশিক্ষণের দাবি জানান।
সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী প্রেস ইনস্টিটিউট বাংলাদেশকে কেন্দুয়া, আটপাড়া, মদন, নেত্রকোনা সদর ও নন্দাইল উপজেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ আয়োজনের নির্দেশনা দেন।
এরই ধারাবাহিকতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ গত ০৩ সেপ্টেম্বর কেন্দুয়ায় সংবাদ সংগ্রহ, পরিবেশন ও যাচাইয়ের জন্য আধুনিক প্রযুক্তি বিষয়ে সাংবাদিকদের আরও দক্ষ করে তুলতে তিন দিনব্যাপী 'মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিং' প্রশিক্ষণ আরম্ভ করে। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী। প্রশিক্ষণে ৫টি উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে সংবাদ তৈরিতে মাল্টিমিডিয়ার ব্যবহার, মোবাইল সাংবাদিকতা, ছবি ও ভিডিও ধারণ, ডিজিটাল কনটেন্ট তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ পরিবেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দায়িত্বশীল ব্যবহার এবং অনলাইন তথ্য ও গুজব যাচাইয়ের বিভিন্ন কৌশল নিয়ে হাতে-কলমে শিক্ষা ও আলোচনা করা হয়। পাশাপাশি তথ্যের সততা যাচাই করে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও নৈতিকতার বিষয়টিও গুরুত্ব পায়।
প্রশিক্ষণটি গত ০২ অক্টোবর সমাপ্ত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সাংবাদিকতার ধরনও বদলে যাচ্ছে। এখন শুধু লিখিত সংবাদ তৈরির দক্ষতা যথেষ্ট নয়; একজন সাংবাদিককে একই সঙ্গে ছবি, ভিডিও, অডিও, ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির দক্ষতা অর্জন করতে হচ্ছে। একই সঙ্গে এআই নির্ভর বিভিন্ন টুল ব্যবহারের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করা জরুরি।
তিন দিনের এই প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে আরও নির্ভুল, দ্রুত ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন পিআইবি মহাপরিচালক।
উক্ত প্রশিক্ষণেদৈনিক সকাল বেলা পত্রিকার নন্দাইল উপজেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম কায়েস অংশগ্রহণ করেন।
এআইএল/সকালবেলা