বরিশাল আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ণ
বরিশাল আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

সাঈদ পান্থ (বরিশাল প্রতিনিধি): বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৬ তলা থেকে নিচে পড়ে মো. নাজমুল হক (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে আদালত প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হক বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল নগরীর কাশিপুর এলাকার এনামুল হকের ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, নাজমুল হক ঠিক কী কারণে ১০ তলাবিশিষ্ট ওই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে এসেছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ৬ তলা থেকে পড়ে তাঁর মৃত্যু হলেও ঘটনাটি দুর্ঘটনাবশত নাকি আত্মহত্যা কিংবা অন্য কোনো কারণে ঘটেছে—তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার মূল কারণ অনুসন্ধানে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

এআইএল/সকালবেলা