টাঙ্গাইলে কিশোর গ্যাং ‘বেজি গ্রুপের’ প্রধানসহ আটক ৪

প্রকাশ: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ণ
টাঙ্গাইলে কিশোর গ্যাং ‘বেজি গ্রুপের’ প্রধানসহ আটক ৪

সুমন ঘোষ (টাঙ্গাইল প্রতিনিধি): টাঙ্গাইলের নাগরপুরে ‘বেজি গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের প্রধান এনাম জাবির অমিওসহ চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার গয়হাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে পরিচালিত এক বিশেষ অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘বেজি গ্রুপ’ দীর্ঘদিন ধরে নাগরপুরের গয়হাটাসহ আশপাশের এলাকায় মাদক কেনাবেচা, ছিনতাই ও চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। ৫ আগস্টের পর গ্যাংটি কিছুদিন নিষ্ক্রিয় থাকলেও সম্প্রতি পুনরায় সংঘটিত হওয়ার চেষ্টা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে এই চক্রের মূলহোতাসহ চারজনকে আটক করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—নাগরপুরের গয়হাটা গ্রামের এনাম জাবির অমিও (২১), মো. মাসুদ মিয়া (২২), মো. জীবন হোসেন (২১) এবং মানিকগঞ্জ জেলার কৃষ্ণপুর ইউনিয়নের মো. জাহিদুল ইসলাম (২০)।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা