জয়পুরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ণ
জয়পুরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গোলাম রব্বানী (জয়পুরহাট): জয়পুরহাট-পাঁচবিবি আঞ্চলিক মহাসড়কে বাসের ধাক্কায় মো. আসিফ (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট সদর উপজেলার কাশিয়াবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আসিফ জয়পুরহাট সদর উপজেলার হাতিগারা গ্রামের ইমরান হোসেনের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন— একই গ্রামের নাঈম হোসেন ও জিহাদ হোসেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জয়পুরহাট থেকে 'জেআর পরিবহন' নামের একটি বাস পাঁচবিবি যাচ্ছিল। পথিমধ্যে কাশিয়াবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আসিফের মৃত্যু হয় এবং অপর দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়, যার ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এআইএল/সকালবেলা