ট্রেনের ইঞ্জিনে গাঁজা, আটক ১
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাত্রাবিরতিকালে একটি মালবাহী ট্রেনের লোকোমোটিভ (ইঞ্জিন) থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। এ সময় চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে ট্রেনের মূল চালক মো. শাহজাহানকে (৫৪) আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১১টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনে র্যাব-৯ এর একটি চৌকস দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৬০৩ নম্বর কন্টেইনারবাহী মালবাহী ট্রেনটি আখাউড়া স্টেশনে এসে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নেয় র্যাব। ট্রেনটি থামার পরপরই র্যাবের সদস্যরা তল্লাশি চালাতে গেলে ট্রেনের চালক মো. শাহজাহান শুরুতে বাধা সৃষ্টি করেন এবং বাকবিতণ্ডায় জড়ান। এই সুযোগে ট্রেনের সহকারী চালক (এসিস্ট্যান্ট লোকো মাস্টার) কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরবর্তীতে র্যাবের বিশেষ দল ট্রেনের লোকোমোটিভে (ইঞ্জিন) পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালায়। একপর্যায়ে ইঞ্জিনের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা কয়েকটি প্লাস্টিকের বস্তা থেকে মোট ১৬ কেজি অবৈধ মাদক গাঁজা উদ্ধার করা হয়।
মাদক পরিবহনের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় ট্রেনের চালক মো. শাহজাহানকে তাৎক্ষণিকভাবে আটক করে হেফাজতে নেয় র্যাব।
অভিযানের সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুরুন্নবী জানান, ট্রেনের ইঞ্জিনের ভেতর মাদক লুকিয়ে পাচারের এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আটককৃত চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পলাতক সহকারী চালককে গ্রেপ্তারে অভিযান চলছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এআইএল/সকালবেলা
|