ন্যায্য অধিকার না দিলে লড়াইয়ের হুঁশিয়ারি জামায়াত আমিরের
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বর্তমান সরকার রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে। গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বর্তমান সরকারি দল ৭০ ভাগ জনগণের মতকে উপেক্ষা করেছে। আমরা যেখানে ছিলাম, সেখানেই রয়ে গেছি; কোনো পরিবর্তন আসেনি।” তিনি আরও অভিযোগ করেন যে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো স্বাধীন করার ক্ষেত্রে সরকার আন্তরিক নয়।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, গাইবান্ধা ও লক্ষ্মীপুরের সাম্প্রতিক ঘটনাবলি অত্যন্ত দুঃখজনক। মানুষের জানমালের নিরাপত্তা নেই এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে সরকার ব্যর্থ হয়েছে বলেও তিনি দাবি করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা জনগণের দাবি নিয়ে পার্লামেন্টে কথা বলেছি। ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করছি। এটি কেবল কোনো দলের স্বার্থে নয়, বরং জনগণের রায়ের মর্যাদা রক্ষার লড়াই।” তিনি দেশবাসীকে অধিকার আদায়ে অনড় থেকে রাজপথে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হলেও স্বাধীনতার প্রকৃত সুফল জনগণ পাচ্ছে না, যার মূল কারণ দেশ পরিচালনাকারীদের ব্যর্থতা। তাই সঠিক পরিবর্তনের জন্য জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
জান্নাত সকালবেলা
|