বিরিয়ানির লোভে জয় বাংলা স্লোগান, গ্রেপ্তার ২
নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় আইনগতভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং কেক কাটার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের বাদশা তালুকদারের ছেলে মো. মজনু তালুকদার (২৭) ও একই গ্রামের মন্টু মোল্যার ছেলে মোতায়েত মোল্যা (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে লোহাগড়া উপজেলার নবনির্মিত রেল স্টেশন এলাকায় কয়েকজন যুবক জড়ো হয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত সাধারণ যুবকদের মূলত বিরিয়ানি খাওয়ানোর লোভ দেখিয়ে সেখানে ডেকে নেওয়া হয়েছিল এবং কৌশলে স্লোগান ও কেক কাটার কর্মসূচিতে যুক্ত করা হয়েছিল। ঘটনার মূল উসকানিদাতারা আড়ালে থাকলেও এই দুই যুবককে রাতেই চাচই গ্রাম থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে রাতেই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৪ জুন) দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এই ঘটনার পেছনে জড়িত অন্যান্য মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা
|