বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ণ
বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

অনলাইন ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৪ জুন) দেশটির স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান তিনি। রাষ্ট্রীয় এই সফরে তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এর আগে, আজ স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে বুলেট ট্রেনযোগে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৫টার পর চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। রেলস্টেশনের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে চীনের বিখ্যাত দিয়াওইউতাই গেস্ট হাউসে (রাষ্ট্রীয় অতিথি ভবন) নিয়ে যাওয়া হয়। বেইজিং সফরকালে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীসহ সফরসঙ্গীরা এই গেস্ট হাউসেই অবস্থান করবেন।

এর আগে, আজ সকাল ১০টায় ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’-এর উচ্চপর্যায়ের এই আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রীরা অংশ নেন। ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের ১ হাজার ৭০০ জনেরও বেশি প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিয়েছেন।

গত সোমবার (২২ জুন) চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনের দালিয়ানে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘গ্রীষ্মকালীন দাভোসে’ তাঁর এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং জাতীয় সক্ষমতাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন