দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ণ
দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা

অনলাইন ডেস্ক: রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যবর্তী স্থানে প্রস্তাবিত ‘দ্বিতীয় পদ্মা সেতু’ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা (feasibility study) পরিচালনার জন্য ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। 

আজ বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীরবিক্রম) সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দীকার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রীর পক্ষে এই প্রশ্নোত্তরটি টেবিলে উত্থাপিত হয়।

সংসদে অর্থমন্ত্রী জানান, পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত অন্যতম একটি মেগা প্রকল্প। ইতিমধ্যে এই সেতু নির্মাণের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে সেতু বিভাগের আওতাধীন সংস্থা 'বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ'-এর অধীনে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য যোগ্য পরামর্শক প্রতিষ্ঠান (consultant firm) নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সেতুটি মূল নির্মাণের জন্য সুনির্দিষ্ট বড় কোনো বরাদ্দ না থাকলেও এর প্রিলিমিনারি সম্ভাব্যতা সমীক্ষার জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব বাজেট থেকে ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রকল্পটির গুরুত্ব বিবেচনা করে এটিকে এডিপিতে অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় (সবুজ পাতা) অন্তর্ভুক্ত করার জোর সুপারিশ করা হয়েছে।”

দ্বিতীয় পদ্মা সেতুকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গেম-চেঞ্জার হিসেবে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি জানান, পরামর্শক প্রতিষ্ঠানের সমীক্ষা প্রতিবেদন হাতে পাওয়ার পরপরই সেতুটির নকশা ও মূল নির্মাণকাজের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এটি বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক উন্নয়ন প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন