ইসলামী ব্যাংকে দ্রুতই এমডি নিয়োগ হবে: অর্থমন্ত্রী
অনলাইন ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদের জন্য চূড়ান্ত মনোনয়ন সম্পন্ন হয়েছে এবং খুব দ্রুতই এই পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তথ্য জানান।
সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান জানতে চান, সম্মিলিত ইসলামী ব্যাংক পূর্ণাঙ্গভাবে কার্যকর ও সচল করতে অর্থ মন্ত্রণালয়ের কী কী পরিকল্পনা রয়েছে। এর জবাবে অর্থমন্ত্রী বলেন, “ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫ অনুসারে রেজল্যুশনের আওতাধীন পাঁচটি ব্যাংকের গ্রাহকরা বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তাঁদের আমানত উত্তোলন করতে পারছেন। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনোনীত করা হয়েছে এবং তিনি সফলভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এছাড়া পর্ষদের অন্য পরিচালকদেরও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।”
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, “ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের প্রক্রিয়াটি বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। নতুনভাবে গঠিত শক্তিশালী পরিচালনা পর্ষদ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিবিড় তত্ত্বাবধানে ব্যাংকটিকে দ্রুততম সময়ের মধ্যে সম্পূর্ণ কার্যকর ও পূর্ণাঙ্গ লেনদেন সচল করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে।”
তিনি সংসদকে আরও জানান, ব্যাংকটিকে পুরোপুরি স্বাভাবিক করতে বর্তমানে নতুন সাংগঠনিক কাঠামো (Organogram) এবং চাকরি প্রবিধানমালা প্রস্তুতের কাজ চলছে। পাশাপাশি আইটি, সিবিএস (কোর ব্যাংকিং সফটওয়্যার), দক্ষ জনবল এবং বিভিন্ন শাখাসমূহ একীভূতকরণের (Merger) কাজ এগিয়ে চলছে। এছাড়া কোম্পানি সেক্রেটারি, চিফ ফাইন্যান্স অফিসার (সিএফও) এবং চিফ টেকনোলজি অফিসার (সিটিও) নিয়োগের আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে। এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মাধ্যমে ব্যাংকটি খুব শিগগিরই তার ঐতিহ্যবাহী স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে ফিরতে পারবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
এআইএল/সকালবেলা
|