আমার ও ইকরার রিলেশন খুব স্মুথ ছিল: রিমান্ড শুনানিতে আলভী

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ণ
আমার ও ইকরার রিলেশন খুব স্মুথ ছিল: রিমান্ড শুনানিতে আলভী

বিনোদন ডেস্ক: স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে থাকা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালতে রিমান্ড শুনানিতে নিজের স্বপক্ষে বক্তব্য রাখেন এই অভিনেতা।

আদালতের অনুমতি নিয়ে জাহের আলভী বলেন, “আমি জামিন চাইছি না, আমার সন্তান এখন মাকে হারিয়েছে, তাকে সাপোর্ট দেওয়া জরুরি। আমাদের রিলেশন খুব ‘স্মুথ’ ছিল। কোনো গুরুতর মনোমালিন্য ছিল না যে সুইসাইড করতে হবে।”

সোশ্যাল মিডিয়ায় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খণ্ডন করে আলভী দাবি করেন, “আমি মিডিয়ায় কাজ করি, তাই শুভাকাঙ্ক্ষীর পাশাপাশি আমার অনেক ‘হেটার্স’ আছে। তারা এআই (AI) জেনারেটেড ছবি ছড়িয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।” অভিনেত্রী ইফফাত আরা তিথির সঙ্গে নেপালে জন্মদিন উদযাপনের বিষয়টিকেও তিনি ‘কাজের অংশ’ হিসেবে অভিহিত করেন এবং দাবি করেন, সেখানে প্রডাকশনের সবাই উপস্থিত ছিলেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন এবং জানান, আসামির বিরুদ্ধে মানসিক নির্যাতন ও উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার রুবায়েত রিমান্ড বাতিলের আবেদন করে বলেন, “আসামি আইনের প্রতি সম্মান দেখিয়েই আত্মসমর্পণ করেছেন। এখানে মিডিয়া ট্রায়ালের চেয়ে ন্যায়বিচার পাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ।” আইনজীবীরা আদালতের সামনে ইকরার দেওয়া একটি হলফনামা উপস্থাপন করেন, যেখানে পারিবারিক চাপের বিষয়ে উল্লেখ ছিল।

গত ১ মার্চ মিরপুরের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে আলভী ও তার মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। গত ১৮ জুন আলভী আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয় এবং আজ শুনানি শেষে আদালত তাকে দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন