সোনাক্ষীকে ‘পকেটমার’ বলে নতুন বিতর্কে কঙ্গনা রানাওয়াত

প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
সোনাক্ষীকে ‘পকেটমার’ বলে নতুন বিতর্কে কঙ্গনা রানাওয়াত
বিতর্ক উসকে দেওয়া কঙ্গনা রানাওয়াত ও সোনাক্ষী সিনহার সংগৃহীত ছবি

শোবিজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করা আর বিতর্কিত মন্তব্য ছড়ানোয় যেন জুড়ি নেই বলিউড অভিনেত্রী তথা বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের। সম্প্রতি এক সহ-অভিনেত্রীকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত পোস্টে ‘লাইক’ দেওয়ার অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছেন তিনি। তবে সেই লাইকের খবরকে ভুয়া দাবি করতে গিয়ে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক দীর্ঘ বার্তায় সংশ্লিষ্ট ওই অভিনেত্রীর পোশাক, ব্যক্তিত্ব ও বাচনভঙ্গি নিয়ে চরম কটাক্ষ ও আপত্তিকর মন্তব্য করে বসেছেন কঙ্গনা।

ইনস্টাগ্রাম বার্তায় কঙ্গনা সরাসরি কোনো নাম উচ্চারণ না করলেও, ব্যবহৃত বিবরণ, চলাফেরার ধরন ও ইঙ্গিত দেখে নেটিজেনদের বিরাট অংশ নিশ্চিত যে—এই মন্তব্যের মূল তীর ছিল বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার দিকেই।

ঘটনার সূত্রপাত একটি ভাইরাল স্ক্রিনশটকে কেন্দ্র করে। সেখানে দাবি করা হয়, কঙ্গনা ইনস্টাগ্রামের একটি বিতর্কিত পোস্ট লাইক করেছেন। ওই পোস্টে নাম প্রকাশ না করে বলা হয়েছিল, এক অভিনেত্রী নিট (NEET) পরীক্ষার আন্দোলন নিয়ে সোচ্চার হয়ে ভিডিও বানালেও ঝাড়খণ্ডের সাম্প্রতিক আন্দোলন ও সিজেপি ইস্যুতে মুখ বন্ধ রেখেছেন। মূল পোস্টে হ্যাশট্যাগ দিয়ে পাঠককে চিনে নেওয়ার চ্যালেঞ্জ ছোঁড়ার পাশাপাশি সংশ্লিষ্ট অভিনেত্রীর শারীরিক গঠন নিয়ে অত্যন্ত কটু ও বডি শেমিংমূলক মন্তব্য করা হয়েছিল।

এই স্ক্রিনশটটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর কঙ্গনা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তা পুরোপুরি ভুয়া বলে উড়িয়ে দেন। তিনি দাবি করেন, তিনি কখনো কারো শারীরিক গঠন নিয়ে ট্রোল বা বডি শেমিং সমর্থন করেন না। তবে লাইক দেওয়ার ভুয়া দাবির প্রতিবাদ জানাতে গিয়ে কঙ্গনা যা লিখলেন, তা আগুনে ঘিউ ঢালার মতো কাজ করেছে।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা ক্ষোভের সঙ্গে লেখেন, বর্তমানে অনেক ভুয়া খবর ঘুরে বেড়াচ্ছে এবং এই লাইক দেওয়ার বিষয়টিও তেমনই এক জঘন্য ভুয়া প্রচার। তিনি কখনো কাউকে বডি শেমিং করেন না। তবে তিনি লক্ষ করেছেন, ইদানীং এক অভিনেত্রী পকেটমারের মতো পোশাক পরেন এবং পকেটমারের মতোই কথা বলেন! তিনি বেশ কিছুদিন ধরে হাফ প্যান্ট ও উল্টো ক্যাপ পরছেন এবং আন্দোলনকারীদের নিম্নমানের আচরণকে দারুণ উৎসাহের সঙ্গে সমর্থন জানিয়ে একেবারে পকেটমারের মতো হাবভাব প্রদর্শন করছেন।

কঙ্গনা তাঁর স্টোরিতে আরও লেখেন, সম্পর্কের ক্ষেত্রে মানুষ কেমন পোশাক পরে, তা মূলত সে নিজের ভেতরে মানসিক ও আবেগিকভাবে কেমন বোধ করছে তারই বহিঃপ্রকাশ। ওই সহ-অভিনেত্রীকে উদ্দেশ্য করে কঙ্গনা যোগ করেন, যদি তাঁর বর্তমান পুরুষ সঙ্গী তাঁকে একজন পকেটমার বা পকেটমারের মতো অনুভব করায় তবে তিনি একজন নারী হিসেবে অত্যন্ত ব্যথিত। অতীতে ওই অভিনেত্রী বেশ মার্জিত ও রুচিশীল পোশাক পরতেন এবং চমৎকার কথা বলতেন, তাই এখন তাঁর কী হলো তা ভেবে আশ্চর্য হন কঙ্গনা। পরিশেষে কঙ্গনা মন্তব্য করেন, মতামত যার যার ব্যক্তিগত হলেও নিজের স্টাইলিং আরও ভালো করা সম্ভব এবং প্রয়োজন হলে তিনি ফ্যাশন নিয়ে সাহায্য করতেও প্রস্তুত আছেন।

যদিও কঙ্গনা পুরো বক্তব্যে কোথাও সোনাক্ষী সিনহার নাম উল্লেখ করেননি, তবে সোনাক্ষীর সাম্প্রতিক ফ্যাশন স্টেটমেন্ট, জহির ইকবালকে বিয়ে করার প্রেক্ষাপট এবং সামাজিক বিভিন্ন ইস্যুতে তাঁর সাম্প্রতিক প্রতিক্রিয়াগুলোকে মিলিয়ে দেখে সোশাল মিডিয়া ব্যবহারকারীরা একমত যে—কঙ্গনার বিষোদ্গারের প্রধান লক্ষ্য সোনাক্ষীই।

অবশ্য আনুষ্ঠানিকভাবে এই জল্পনা নিয়ে কঙ্গনা নতুন কোনো মন্তব্য করেননি। অন্যদিকে, কঙ্গনার এমন কড়া খোঁচা ও বিতর্কিত পোস্টের প্রেক্ষিতে সোনাক্ষী সিনহা বা তাঁর টিম থেকে এখনো পর্যন্ত কোনো পাল্টা প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন