পুলিশের আগমন দেখে ৮ তলার কার্নিশে লুকানোর চেষ্টা: গাসিক কর্মকর্তার করুণ মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ
পুলিশের আগমন দেখে ৮ তলার কার্নিশে লুকানোর চেষ্টা: গাসিক কর্মকর্তার করুণ মৃত্যু

জাতীয় ডেস্ক:   রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী রোডে নিজ ফ্ল্যাটের আটতলা থেকে নিচে পড়ে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) একাউন্টস কর্মকর্তা নজরুল ইসলাম (৫৫) মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন।

বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ৬৩/বি সিদ্ধেশ্বরী রোডের ‘র‌্যাংস গার্ডেন প্যালেস’ নামের ভবনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই ভবনের একটি ফ্ল্যাটে স্ত্রী রওশন আরা বেগমকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করতেন। তাঁদের একমাত্র ছেলে পড়াশোনা ও চাকরির সুবাদে দেশের বাইরে থাকেন।

ঘটনার বিবরণ দিয়ে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল জানান, নিহত নজরুল ইসলামের নামে গাজীপুরে একটি সিআর (CR) মামলার গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি ছিল। সেই আদালতের নির্দেশিত ওয়ারেন্টের ভিত্তিতেই বুধবার গভীর রাতে রমনা থানা পুলিশের একটি দল তাঁকে গ্রেফতার করার উদ্দেশ্যে ওই ভবনের ফ্ল্যাটে অভিযানে যায়। পুলিশ সদস্যরা ফ্ল্যাটে পৌঁছে তাঁর স্ত্রীর দেখা পেলেও সেখানে নজরুল ইসলামকে পাওয়া যায়নি।

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক তদন্ত ও পারিপার্শ্বিক অবস্থা দেখে ধারণা করা হচ্ছে— দরজায় পুলিশের উপস্থিতি নিশ্চিত হয়ে নজরুল ইসলাম ফ্ল্যাটের পেছনের দিকের দরজা দিয়ে বের হন। আত্মগোপন বা গ্রেফাতার এড়াতে তিনি ৮ তলার বেলকনির কার্নিশে লুকানোর চেষ্টা করেন কিংবা পাশের ফ্ল্যাটের কার্নিশ ধরে অন্যত্র সরে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু অসাবধানতাবশত পা পিছলে তিনি ৮ তলা থেকে নিচে পড়ে গিয়ে প্রচণ্ড আঘাত পান এবং রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হন।

ঘটনার পরপরই তাঁকে দ্রুত উদ্ধার করে ভোররাত পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

রমনা থানা পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে। এটি কেবলই দুর্ঘটনাজনিত পতন নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত করে দেখছে পুলিশ।

মন্তব্য করুন