আহত জুলাই যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ণ
আহত জুলাই যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বাসস: জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৫ আগস্ট) হাসপাতাল থেকে সরাসরি রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আহত যোদ্ধা মিতু।

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান মিতুকে কাছে ডেকে নিয়ে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জেনে নেন এবং আন্দোলনের সময়ে তাঁর অসীম সাহস ও আত্মত্যাগের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।

এর আগে প্রধানমন্ত্রী ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পরবর্তীতে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে আহত হয়ে এখনও চিকিৎসাধীন থাকা মিতু অনুষ্ঠানের অন্যতম আমন্ত্রিত অতিথি ছিলেন। হাসপাতাল থেকে সরাসরি এসে যোগ দেওয়া মিতুর সঙ্গে প্রধানমন্ত্রীর এই কুশল বিনিময় পুরো অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। এ সময় প্রধানমন্ত্রীর পাশে তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন