খুলনায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী ও শ্বশুর আটক
খুলনা অফিস: খুলনা মহানগরীর খানজাহান আলী থানা এলাকায় ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় মিতা (১৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর ৬ নম্বর ওয়ার্ডের গিলাতলা গফ্ফার ফুড মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মাজহারুল ও শ্বশুর সাইফুল ইসলামকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা—সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।
কেএমপির খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিতাকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ঘটনাটিকে ঘিরে স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রতিক্রিয়া ও গুঞ্জন তৈরি হওয়ায় প্রকৃত সত্য উদ্ঘাটনে নিহতের স্বামী ও শ্বশুরকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্ত ও সার্বিক তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।
এআইএল/সকালবেলা
|