বিজয়নগরে ২০ হাজার পিস ইয়াবা রেখে পালিয়েছে কারবারি
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ২০ হাজার ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার নোয়াবাদী সীমান্ত এলাকায় বিজিবি ২৫ ব্যাটালিয়নের (সরাইল ব্যাটালিয়ন) একটি টহলদল এই অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগরের নোয়াবাদী সীমান্ত এলাকায় পূর্বে থেকেই অবস্থান নেন বিজিবি সদস্যরা। সকালে ভারতের দিক থেকে এক ব্যক্তিকে মাথায় ঘাসের ঝুড়ি নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি ঘাসের ঝুড়িটি ফেলে দ্রুত দৌড়ে ভারতের দিকে পালিয়ে যান।
পরে ফেলে যাওয়া ঝুড়িটিতে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা দেখতে পান, ঘাসের আড়ালে অভিনব কায়দায় গামছা ও কসটেপ দিয়ে পেঁচানো দুটি প্যাকেট লুকানো রয়েছে। প্যাকেটগুলো খুলে গুনে মোট ২০ হাজার ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিতে মাদক কারবারিরা নিত্যনতুন কৌশল অবলম্বন করছে। তবে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার থাকায় অপরাধীরা পার পাচ্ছে না। পালিয়ে যাওয়া কারবারিকে চিহ্নিত করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
|