মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোলবোমা ও আগুন

প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ণ
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোলবোমা ও আগুন
জাতীয় ডেস্ক: মাগুরায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নিজ বাসভবনে ভাঙচুর, পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গতকাল রাত সাড়ে ৯টার দিকে মাগুরা শহরের আকুর টাকুর পাড়ায় অবস্থিত সাকিবের বাড়িতে এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনলাইন বক্তব্য প্রচারের পরপরই একদল দুর্বৃত্ত লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সাকিবের বাড়ির সামনে এসে চড়াও হয়। পরে তারা বাড়ির প্রধান ফটক লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা বাড়িটিতে দুটি পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটায়। বোমার আঘাতে বাড়ির সামনের দিকের কয়েকটি জানালার কাচ ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ফটকের অংশে আগুন ধরে যায়।

তবে স্বস্তির বিষয় হলো, হামলার সময়ে বাসভবনে পরিবারের কোনো সদস্য বা স্বজন উপস্থিত ছিলেন না। ঘটনার খবর পাওয়ার পরপরই যৌথ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরিস্থিতি স্বাভাবিক করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তা জোরদারে বর্তমানে ওই বাড়ি ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসি আবদুল্লাহ।

মন্তব্য করুন