লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল ভারতীয় জাহাজ, ১৪ নাবিক উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল ভারতীয় জাহাজ, ১৪ নাবিক উদ্ধার
লোহিত সাগরে ভারতীয় জাহাজে হামলার পর ইয়েমেনি কোস্টগার্ডের উদ্ধার অভিযান

অনলাইন ডেস্ক: ইয়েমেন উপকূলে লোহিত সাগরে এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়ে ভারতের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ সাগরে উল্টে গিয়ে ডুবে গেছে। তবে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরপরই চালানো উদ্ধার অভিযানে জাহাজে থাকা মোট ১৪ জন নাবিককেই জীবিত ও নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপরিবহনের জন্য এ ধরনের হামলাকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ উল্লেখ করে এর তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছে ভারত সরকার।

গত মঙ্গলবার ইয়েমেনি সামরিক ও উদ্ধারকারী বাহিনীর যৌথ অভিযানে জাহাজটির ১৪ জন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়। উদ্ধার পাওয়া নাবিকদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং ১ জন ইয়েমেনের নাগরিক। তাঁদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেওয়ার পর নিরাপদে ইয়েমেনের মোখা বন্দরে স্থানান্তর করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদনে জানানো হয়, ‘এমএসভি ফাইজে নূরে অলিয়া’ নামের পণ্যবাহী জাহাজটি ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত কৌশলগত বন্দরনগরী হোদেইদাহ থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থানকালে হঠাৎ ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হয়। হুতি বিরোধী ইয়েমেনি ‘ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স’ (গার্ডস অব দ্য রিপাবলিক) নিশ্চিত করেছে যে, ঘটনা জানার পরপরই কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বিত দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাবিকদের উদ্ধার করে।

ভারতের বন্দর, জাহাজ চলাচল ও জলপথবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়াল এক বিবৃতিতে জানান, শক্তিশালী একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানার পর নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি সাগরে উল্টে যায় এবং নিমজ্জিত হয়। তবে ইয়েমেনি কোস্টগার্ড অত্যন্ত দ্রুততার সঙ্গে সাড়া দেওয়ায় সব নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় উল্লেখ করেছেন।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) থেকে জানানো হয়েছে, সৌদি আরবের রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস সামগ্রিক পরিস্থিতি সার্বক্ষণিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। উদ্ধার হওয়া ভারতীয় নাবিকদের দ্রুত দেশে প্রত্যাবর্তন ও তাঁদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইয়েমেনের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় রক্ষা করা হচ্ছে। ভারত এই আক্রমণকে অত্যন্ত ‘উদ্বেগজনক’ হিসেবে আখ্যায়িত করে লোহিত সাগরের মতো আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক জাহাজের ওপর যেকোনো হামলা অবিলম্বে বন্ধের জোর দাবি জানিয়েছে।

উল্লেখ্য, লোহিত সাগরে রাজনৈতিক ও সামরিক উত্তেজনার অংশ হিসেবে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী সম্প্রতি সৌদি আরব ও এর মিত্রদের বিরুদ্ধে নতুন করে নৌ-অবরোধের হুঁশিয়ারি দেয়। বিশ্লেষকদের মতে, এই অঞ্চলে ক্রমাগত হামলা ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান কৌশলগত উত্তেজনায় নতুন এক বিপজ্জনক মাত্রা যোগ করেছে। একই সঙ্গে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়ে বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহে চরম অনিশ্চয়তা তৈরি করছে।

মন্তব্য করুন