ডনের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন সালমান শাহর মা নীলা চৌধুরী

প্রকাশ: রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ণ
ডনের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন সালমান শাহর মা নীলা চৌধুরী
ডনের গ্রেপ্তারের খবরে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সালমান শাহর মা নীলা চৌধুরী

বিনোদন প্রতিবেদকঃ বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত ও খলঅভিনেতা ডন হক গ্রেপ্তার হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী।

আজ রবিবার (৯ আগস্ট, ২০২৬) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ডনকে গ্রেপ্তার করে সিআইডি (অপরাধ তদন্ত বিভাগ)। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর আবেগপ্লুত কণ্ঠে প্রতিক্রিয়া জানান প্রয়াত এই নায়কের মা।

সংবাদমাধ্যমকে নীলা চৌধুরী বলেন, “সালমান আমার সন্তান। সে চিরকাল আমার বুকের ভেতর আছে এবং থাকবে। ওকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। আর এই অনাকাঙ্ক্ষিত সালমান হত্যাকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল এই ডন। শুধু তাই নয়, সালমানের অকালমৃত্যুর পর সে আমাকে বিভিন্নভাবে অপমান-অপদস্থ করেছে এবং আমার ছেলের নামে বহু মিথ্যা অপবাদ ছড়িয়েছে। আজ তার বিচার পাওয়ার প্রক্রিয়া শুরু হলো, সে গ্রেপ্তার হয়েছে। সব প্রমাণ একদিন ঠিকই আলোর মুখ দেখবে।”

সরকার ও বিচারব্যবস্থার ওপর নিজের আস্থার কথা জানিয়ে তিনি আরও বলেন, “আল্লাহ তাআলার কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বর্তমান সরকারের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। সালমান হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সব আসামিকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। আমি পূর্ণ আশা রাখি, আমার সন্তান হত্যার চূড়ান্ত বিচার আমি জীবিত থাকতেই দেখে যেতে পারব।”

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের নিজ বাসায় রহস্যজনকভাবে প্রাণ হারান তুমুল জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। শুরুতে অপমৃত্যুর মামলা হিসেবে তদন্ত হলেও দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালের ২০ অক্টোবর আদালত এটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

পরবর্তীতে ২১ অক্টোবর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে সামীরা হক ও ডনসহ ১১ জনের নাম উল্লেখ করে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে আরও যাঁদের আসামি করা হয়েছে তারা হলেন—সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। প্রায় তিন দশক পর মামলাটির নতুন তদন্তের অংশ হিসেবে অভিনেতা ডনের এই গ্রেপ্তারকে গুরুত্বপূর্ণ অগ্রগতি মনে করা হচ্ছে।

মন্তব্য করুন