কড্ডা ব্রিজের নিচে মাদকের অভয়ারণ্য

প্রকাশ: রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ণ
কড্ডা ব্রিজের নিচে মাদকের অভয়ারণ্য

রেজাউল করিম মজুমদার, গাজীপুর: গাজীপুরের বাসন থানাধীন টান কড্ডা ব্রিজের নিচের অন্ধকার ও নির্জন স্থানগুলো মাদক কারবারি এবং সেবনকারীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কড্ডা ব্রিজের নিচের নির্জন পয়েন্টগুলোতে গোপনে জমে ওঠে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিলের মতো মাদকের বেচাকেনা। ব্রিজের নিচের নিচু পথ, খালের পার ও ঝোপঝাড়ের সুবিধাকে কাজে লাগিয়ে অপরাধীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। পুলিশের উপস্থিতি টের পেলেই চক্রটি নদীর পানিতে ঝাঁপ দিয়ে কিংবা ঝোপঝাড়ের মধ্য দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এই মাদকের আড্ডাকে কেন্দ্র করে এলাকায় ছিনতাই, চুরিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বাড়ছে। এতে স্থানীয় তরুণ ও কিশোরেরা সহজেই মাদকে আসক্ত হয়ে পড়ছে, আর আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর দাবি, অপরাধ দমনে পুলিশ ও র‍্যাবের টহল জোরদার করার পাশাপাশি ব্রিজের নিচে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা জরুরি।

এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, "মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের গোপন নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অনেক সময় অভিযানে গেলে তারা তুরাগ নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। তবে কাউকে ছাড় দেওয়া হবে না; জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হবে।"

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন