বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাসেল রানা মেহেদী, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের নির্মিত দোকানঘর দখলের অভিযোগে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলার সীমান্ত এলাকা আমজানখোর ইউনিয়ন ভূমি অফিসের পাশে দখল হওয়া দোকানগুলোর সামনে এ কর্মসূচি পালন করেন রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয় কর্তৃক নির্মিত তিনটি পাকা দোকানঘরে রাতের আঁধারে টিন ও শাটার লাগিয়ে অন্যায়ভাবে দখল করেছেন আমজানখোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক। বিষয়টি স্থানীয় প্রশাসনকে লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও কোনো প্রতিকার না পাওয়ায় বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দার আলী বলেন, "দোকানঘরের জমির মালিকানা সংক্রান্ত সব বৈধ কাগজপত্র বিদ্যালয়ের নামে রয়েছে। ভাড়া দেওয়ার উদ্দেশ্যে আমরাই ঘরের পাকা অবকাঠামো নির্মাণ করেছিলাম। সম্প্রতি প্রধান শিক্ষক মারা যাওয়ায় প্রক্রিয়াটি কিছুটা বিলম্বিত হয়। এই সুযোগে যুবদল নেতা মোজাম্মেল সম্পূর্ণ অন্যায়ভাবে ঘরগুলো দখল করে নেন।"
মানববন্ধন চলাকালে উত্তেজিত শিক্ষার্থীরা যুবদল নেতার লাগানো তালা ভেঙে নতুন তালা লাগাতে গেলে অভিযুক্ত মোজাম্মেল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দেন।
তবে দখলের অভিযোগ অস্বীকার করে আমজানখোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক জানান, জমির মালিক তিনি নিজেই এবং তাঁর কাছে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
এআইএল/সকালবেলা
|